বাংলাস্ফিয়ারঃ রূপান্তরকামীদের জন্য এলএলবি পাঠ্যক্রমে সংরক্ষণ চালু করল কর্নাটক রাজ্য আইন বিশ্ববিদ্যালয় (কেএসএলইউ)। কর্নাটক হাই কোর্টের নির্দেশের পর এই নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
২০২৩ সালে ন্যাশনাল ল স্কুল অফ ইন্ডিয়া ইউনিভার্সিটি (এনএলএসআইইউ) এক রূপান্তরকামী শিক্ষার্থীকে ভর্তি নিতে অস্বীকার করলে তিনি আদালতের দ্বারস্থ হন। তাঁর আবেদন ছিল, কর্নাটকের ২০১৭ সালের রূপান্তরকামী নীতি কার্যকর করতে এবং রূপান্তরকামীদের জন্য সংরক্ষণের ব্যবস্থা করতে রাজ্য সরকার ও বিশ্ববিদ্যালয়কে নির্দেশ দিক আদালত। অন্তর্বর্তী নির্দেশে হাই কোর্ট ওই শিক্ষার্থীকে ২০২৩–২৪ শিক্ষাবর্ষে এলএলবি পাঠ্যক্রমে ভর্তি নেওয়ার নির্দেশও দেয়।
২০২৪ সালের ১৬ ডিসেম্বর চূড়ান্ত রায়ে হাই কোর্টের এক বিচারপতির বেঞ্চ এনএলএসআইইউ-কে নির্দেশ দেয়, পরবর্তী শিক্ষাবর্ষের ভর্তি প্রক্রিয়া শুরুর আগেই সংরক্ষণ নীতি তৈরি করে নালসা মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকর করতে হবে। পাশাপাশি, রূপান্তরকামীদের পড়াশোনার জন্য আর্থিক সহায়তার ব্যবস্থাও করতে হবে। অন্তর্বর্তী ব্যবস্থা হিসেবে তাঁদের জন্য ০.৫ শতাংশ আসন সংরক্ষণ এবং ফি মকুবের নির্দেশ দেয় আদালত।
হাই কোর্টের এই রায়ের বিরুদ্ধে আপিল করেছে এনএলএসআইইউ।
ওই রূপান্তরকামী শিক্ষার্থীকে রাজ্যের কোনও আইন কলেজের এলএলবি পাঠ্যক্রমে ভর্তি করা এবং আর্থিক সহায়তা দেওয়া সম্ভব কি না, তা খতিয়ে দেখতে রাজ্য সরকার ও কেএসএলইউ-কে বলেছিল হাই কোর্ট। পরে আদালতকে জানানো হয়, বিএমএস কলেজ অফ ল এবং শেষাদ্রিপুরম ল কলেজে ওই শিক্ষার্থীর জন্য একটি করে আসন সংরক্ষিত রাখা হয়েছে।
এর আগে, ২০২১ সালে কর্নাটক সরকার রাজ্য সিভিল সার্ভিসের সাধারণ নিয়োগবিধি সংশোধন করে বিজ্ঞপ্তি জারি করেছিল। ওই সংশোধনের মাধ্যমে সরকারি চাকরিতে রূপান্তরকামীদের জন্য সমান্তরাল সংরক্ষণের ব্যবস্থা করা হয়।